
মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক করতে শিগগিরই চালু হলো নতুন একটি সি-ট্রাক। ৩৫০ জনের বেশি যাত্রী ধারণক্ষমতার এই জলযানটি ইতোমধ্যে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে পৌঁছেছে। নতুন সি-ট্রাক চালু হওয়ায় দুই প্রান্তের যাতায়াতে সময় লাগবে ৩০ থেকে ৩৫ মিনিট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যক্তিগত উদ্যোগে আনা সি-ট্রাকটি বিদ্যমান জলযানের পরিবর্তে পরিচালিত হবে। প্রতিদিন মহেশখালী ও কক্সবাজারের মধ্যে ছয়বার করে মোট ১২ বার যাতায়াত করবে এটি।
সরকারি গেজেট অনুযায়ী, জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। তবে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করা, মালামাল পরিবহনে বাড়তি ভাড়া বন্ধ এবং যাত্রীদের সঙ্গে কর্মচারীদের শোভন আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে নুনিয়াছড়া ঘাটে যাত্রীদের নিরাপদে ওঠানামার সুবিধার্থে আরও একটি সিঁড়ি স্থাপনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সি-ট্রাকের উদ্যোক্তা।
নতুন সি-ট্রাক চালু হওয়ায় দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের কক্সবাজার শহরে যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে নির্ধারিত ভাড়া ও যাত্রীসেবার মান বজায় রাখা হবে কি না, সেটিই এখন দেখার বিষয় বলছেন স্থানীয়রা।